রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাদি প্রদান ও পেনশন প্রথা চালু এবং কাউন্সিলরদের সম্মানি ভাতা প্রদানের দাবিতে নোয়াখালী জেলার আটটি পৌরসভার আন্দোলনরত কয়েকশত কর্মকর্তা-কর্মচারী গতকাল মঙ্গলবার দ্বিতীয় দিন কর্মবিরতি পালনকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হন। এখানে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থানকালে তারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
জেলা সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে এ সমাবেশে জেলা কমিটির সভাপতি নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সহ-সভাপতি নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সচিব শ্যামল কুমার দত্ত, সচিব কাইয়ুম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা ও দপ্তর সম্পাদক মো. আবদুল হালিম মিলনসহ পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশনসহ সকল সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রাপ্তির দাবিতে ২য় দিনের মতো কর্মবিরতি পালন করছে। সুনামগঞ্জ জেলার চারটি পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজনে মঙ্গলবার সকাল ৯টা থেকে সুনামগঞ্জ পৌরসভা চত্বরে এই কর্মবিরতি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কালী কৃষ্ণ পাল, জগন্নাথপুর পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সতিশ চন্দ্র গোশ্বামী, ছাতক পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক অজিত কুমার দাস প্রমুখ।
