চট্টগ্রাম নগরীতে অস্ত্রসহ চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগরীর কোতোয়ালী থানার সিআরবি মোড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অফিসের সামনে থেকে সোমবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— রবিউল ইসলাম রুবেল ওরফে প্রকাশ চাকমা রুবেল (২৮), বেলাল হোসেন (২২), দ্বীন ইসলাম (২৬) ও মো. সুমন প্রকাশ ওরফে ভাগিনা ফারুক (২৫)।
এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান ও ২ রাউন্ড কার্তুজ এবং একটি চাইনিজ কুড়াল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার (দক্ষিণ) আসিফ মহিউদ্দীন। তিনি জানান, রুবেলের বিরুদ্ধে অস্ত্র-ডাকাতিসহ ১০টি, বেলালের বিরুদ্ধে ৩টি এবং দ্বীন ও সুমনের বিরুদ্ধে ২টি করে মামলা রয়েছে। তিনি বলেন, গ্রেফতার ৪ জনই নগরীতে ছিনতাই-ডাকাতিতে জড়িত। বিভিন্ন সময় গ্রেফতার হয়ে কারাগারে গেলেও বেরিয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ে। ছিনতাইয়ের জন্য সিআরবি এলাকায় অবস্থানের খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছি।
