কাল দুপুরে দেখা মিলতে পারে সূর্যের 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭:৪৩

রাজধানীসহ সারাদেশ কুয়াশার চাদরে ঢেকে আছে। গত তিন দিন ধরে এমন ঘন কুয়াশা। কুড়িগ্রামে ছয় দিন ধরে দেখা নেই সূর্যের। অন্যান্য জেলায়ও তিন-চার দিন সূর্য উঁকি দেয়নি। 

তাছাড়া আজ রোববার (১৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা গতকাল শনিবারের চেয়ে আরও খানিকটা কমেছে। ফলে সারাদেশেই শীতের তীব্রতা বেড়েছে। 

আবহাওয়া অফিস বলছে, শীতের এই তীব্রতা আগামীকাল সোমবারও থাকতে পারে। তবে কাল থেকে দেশের কিছু কিছু এলাকায় রোদের মুখ দেখা দিতে পারে। সেজন্য অপেক্ষা করতে হবে কাল দুপুর পর্যন্ত। এক আবহাওয়াবিদ অবশ্য বলেছেন, কাল রাজধানীতেও রোদ উঠতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকালও দিনাজপুরেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, কাল তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী পরশু (মঙ্গলবার) থেকে তাপমাত্রা একটু করে বাড়তে শুরু করবে। আগামী বুধবার থেকে দেশের কিছু স্থানে বৃষ্টিরও সম্ভাবনা আছে। বৃষ্টির পর কুয়াশা অনেকটা কেটে যাবে।  

ইত্তেফাক/ডিডি