প্রথম ম্যাচ থেকে মাশরাফিকে পাওয়া নিয়ে আশাবাদী নাফিস ইকবাল

প্রত্যেক দলেরই একটা বাজেট থাকে। কুমিল্লা সব সময় বড় বাজেট নিয়ে টিম করে, বড় বড় তারকাদের নিয়ে আসে এবং তারা সফল হয়। প্রত্যেকটা টিমেই আলাদা আলাদা লক্ষ্য থাকে

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭:৫৫

গত আসরের মতো এবারের আসরেও সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই টুর্নামেন্টের সব শেষ আসরে এক ঝাঁক তরুণদের নিয়ে এই ফ্র্যাঞ্চাইজিটি মাশরাফির নেতৃত্বে ফাইনাল খেলে তবে শেষ অবধি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়। এবারও এই টাইগার ক্রিকেটে সফল অধিনায়ককে দলে রেখেছে দলটি। আসরের প্রথম দিনই দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে তারা। তবে ইনজুরির কারণে টুর্নামেন্টের শুরুতে অধিনায়ককে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। যদিও সিলেট স্ট্রাইকার্সের টিম ম্যানেজার নাফিস ইকবাল শুরু থেকেই অধিনায়ককে দলে পাওয়ার বিষয়ে বেশ আশাবাদী।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিলেটের অধিনায়কে নিয়ে নাফিস ইকবাল বলেন, ‘আমার আশাবাদী আমরা শুরু থেকে তাকে (মাশরাফি) পাব। আমরা জানি যে সে জাতীয় নির্বাচন করেছে, এটা দেশের একটা ব্যাপার। আমরা জানি সে সব সময় টুকটাক কাজ করে থাকে, দুই-তিন দিন প্র্যাকটিস করলে সে ম্যাচ খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে।’

সেই সঙ্গে এই টুর্নামেন্টটিকে সামনে রেখে অনেক ফ্র্যাঞ্চাইজি তাদের অনুশীলন শুরু করেছে। সিলেট সিক্সার্স তারা কবে থেকে অনুশীলন শুরু করবে এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজার বলেন, ‘১৭ তারিখ থেকে আমরা আমাদের মূল অনুশীলন শুরু করব এবং ১৭-১৮ তারিখ এই দুই দিন মিরপুরে অনুশীলন করব।’ এ সময় বিদেশি খেলোয়াড়দের নিয়ে তিনি বলেন, ‘আমাদের বিদেশি খেলোয়াড়রা ১৬ তারিখ আসবে। সেদিন রেস্ট করে তার পরদিন তারা অনুশীলন করতে নামবে।’

সবশেষ আসরে তরুণ এক দল নিয়ে যেভাবে মাশরাফিরা এগিয়ে গিয়েছিল ফাইনাল অবধি সেই তুলনায় এই আসরে দলটি কিছুটা বেশি শক্তিশালী। তাই গত আসরের না পাওয়া ট্রফি এবার অর্জন করতে পারবে কিনা দলের ম্যানেজারের কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘আমাদের গেল আসরের এমনই মনে হয়েছে, তৌহিদ হৃদয়কে এখন আপনাদের স্টার মনে হচ্ছে, কিন্তু গেল আসরে সে এটা ছিল না। এবারও আমাদের এমন কেউ থাকবে যে পারফর্ম করবে। পরের আসরে আপনাদের মনে হতে পারে এই আসরের দলটি ভালো ছিল।’ 

সেই সঙ্গে দলের বাজেট নিয়ে নাফিজ বলেন, ‘প্রত্যেক দলেরই একটা বাজেট থাকে। কুমিল্লা সব সময় বড় বাজেট নিয়ে টিম করে, বড় বড় তারকাদের নিয়ে আসে এবং তারা সফল হয়। প্রত্যেকটা টিমেই আলাদা আলাদা লক্ষ্য থাকে। আমাদের টিমে যদিও তেমন বড় কোনো নাম নেই, তবে আমি বলব আমাদের টিমের ভারসাম্য ভালো আছে। ক্রিকেটে যেমন বড় নামেরও দরকার তেমন ভারসাম্যেরও দরকার। আমরা যদি সব ঠিকভাবে করতে পারি এবারও আমার ভালো কিছু করতে পারব।’

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক কে হবেন, এমন প্রশ্নের নাফিজ বলেন, ‘মাশরাফি যদি খেলে তাহলেও সে হবে। তবে সহ-অধিনায়ক কে হবে এই বিষয়ে ফ্র্যাঞ্চাইজি থেকে এখন সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

ইত্তেফাক/জেডএইচ