বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী কোরিয়া

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:০৩

কোরিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, কোরিয়া বাংলাদেশের তৈরি পোশাক খাতে দীর্ঘদিন ধরে কাজ করছে। বাংলাদেশের বিদ্যুত্ ও অবকাঠামো উন্নয়নে অধিক বিনিয়োগ করতে চায়। গত ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ কোরিয়ায় রপ্তানি করেছে ২৫ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য, একই সময়ে আমদানি করা হয়েছে ১২৪ কোটি ডলার মূল্যের পণ্য। এ বাণিজ্য ব্যবধান কমাতে উভয় দেশ একমত। বাণিজ্যমন্ত্রী গতকাল নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত হু কং ইল-এর সঙ্গে মতবিনিময় করে সাংবাদিকদের এ সব কথা বলেন। তিনি আরো জানান, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্য বৃদ্ধির অনেক সুযোগ রয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। আগামী ১৩-১৫ জুলাই কোরিয়ার প্রধানমন্ত্রী প্রায় ১০০ ব্যবসায়ী নিয়ে বাংলাদেশ সফর করবেন। এ সময় বাংলাদেশে কোরিয়ার বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে।

মন্ত্রী জানান, কোরিয়ান বিনিয়োগের জন্য চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড বরাদ্দ করা হয়েছে। সেখানে কোরিয়ান বিনিয়োগের প্রক্রিয়া চলছে। কোরিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। 

কোরিয়ার রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, বাংলাদেশ কোরিয়ার দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার এবং ভালো বন্ধু রাষ্ট্র। কোরিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী। অনেক কোরিয়ান প্রতিষ্ঠান বাংলাদেশে ব্যবসা করছে। কোরিয়ার তৈরি অনেক পণ্যের চাহিদা রয়েছে বাংলাদেশে। বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব (রপ্তানি) তপন কান্তি ঘোষ এসময় উপস্থিত ছিলেন।