বিশ্বকাপ মাথায় রেখে বিপিএল খেলবেন শরিফুল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ১৭:২৪

বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছে দুর্দান্ত ঢাকা। দলের সঙ্গে যোগ দিয়েছেন টাইগার পেসার শরিফুল ইসলাম। চলতি বছরেই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিপিএলে খেলা টি-টোয়েন্টি বিশ্বকাপে সাহায্য করবে বলে মনে করেন এই টাইগার পেসার।

সোমবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে শরিফুল বলেন, ‘আলহামদুলিল্লাহ শেষ বছর খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬/৭ মাস। ইনশাআল্লাহ বিপিএল আসছে নতুন বছরে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরব। তো চেষ্টা থাকবে সেই ফর্মটা যাতে ধরে রাখি এর বেশি কিছু না করার। চেষ্টা করব যতটুকু ফিট থেকে খেলা যায়। কারণ সামনে অনেক খেলা আছে দেশের হয়ে এটাই আমার মূল লক্ষ্য।’ 

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বিপিএল সাহায্য করবে বলে মনে করেন শরিফুল। তিনি আরও বলেন, ‘বিপিএল অনেক সাহায্য করবে। যেহেতু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমাদের এটিই (মূল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সবাই চাইবে নিজেদের সেরাটা দিয়ে পারফর্ম করতে, আর নতুন কিছু করতে। এটা বিশ্বকাপেও আমাকে সাহায্য করবে।’ 

ইত্তেফাক/জেডএইচ