ভাঙা সড়ক, আবর্জনার স্তূপ হকারদের দৌরাত্ম্য

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:০৪

রাজধানীর শহীদবাগ এলাকার প্রধান সড়কগুলোর বেহাল দশা। দক্ষিণ সিটি করপোরেশন আওতাধীন ওই এলাকার রাস্তাগুলো ভাঙাচোরা, খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই জমে হাঁটু সমান পানি। জল-কাদায় মিশে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে ওঠে পুরো এলাকা। অলি-গলিতে স্তূপ হয়ে আছে ময়লা-আবর্জনা, বাড়ি-ঘরের নির্মাণ সামগ্রী। ফলে রাস্তা সরু হয়ে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

এলাকার বাসিন্দারা জানান, গত কয়েক বছর ধরে শহীদবাগ এলাকার রাস্তায় কোনো সংস্কার কাজ হয়নি। ঢাকার অন্যান্য এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হলেও এই এলাকার রাস্তাঘাটে নজর নেই কর্তৃপক্ষের। রাস্তায় স্যুয়ারেজ লাইনের দুর্গন্ধযুক্ত পানি ও ময়লা-আবর্জনা জমে শুষ্ক মৌসুমেও স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। বর্ষার দিনে দুর্ভোগ আরো বাড়ে। বৃষ্টিতে জলকাদায় পুরো এলাকা চলাচলের অযোগ্য হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, রাজারবাগ পুলিশ লাইন ২নং গেটের উল্টো পাশে আল-বারাকা হাসপাতালের পিছন থেকে শুরু করে মসজিদ গলি পর্যন্ত রাস্তার অবস্থা খুবই বেহাল। যেখানে সেখানে পড়ে আছে ইটের খোয়া, বালুসহ অন্যান্য নির্মাণ সামগ্রী। ইউটিলিটির কাজের জন্য দুই মাস আগে রাস্তা খোড়া হয়েছে। কাজও শেষ হচ্ছে না, রাস্তাও মেরামত হয় না। ফলে বৃষ্টি হলে চলাচলে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। হেঁটে চলার সময় পথচারীর সতর্কতার সঙ্গে পা ফেলতে হয়। সাইকেল, রিকশা, ভ্যান, মোটর সাইকেল, মাইক্রোবাস চলাচলে প্রায়ই ঘটছে ছোটো-খাটো দুর্ঘটনা।

অন্যদিকে হকারদের উত্পাতে প্রধান সড়কে চলাচলে বেগ পেতে হয়। রাস্তার অর্ধেক থাকে ভ্যানে করে তরিতরকারি বিক্রি করা হকারদের দখলে। এছাড়া আল-বারাকা হাসপাতালে আসা বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রধান সড়কের উপর মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখে। কোচিং সেন্টারগুলোতে পড়তে আসা শিক্ষার্থীদের গাড়িগুলো ছোট রাস্তার উপর দাঁড় করিয়ে রাখা হয়। এতে সৃষ্টি হয় বাড়তি বিড়ম্বনা।

ডিএসসিসি’র ১১নং ওয়ার্ড কাউন্সিলর হামিদুল হক শামীম ইত্তেফাককে বলেন, শহীদবাগ এলাকায় স্থায়ী কোনো হকার নেই। মাঝে মাঝে বসে, আবার চলে যায়। রাস্তাঘাটের অবস্থাও অতোটা খারাপ না। গত দুই মাস ধরে শহীদবাগ, শাজাহানপুর এলাকার রাস্তায় ৯ কোটি টাকার পাইপলাইন সংস্কার কাজ চলছে। অন্যদিকে পুরো এলাকায় নতুন লাইন বাসাচ্ছে ওয়াসা। কাজ শেষ না হওয়ায় স্যুয়ারেজের পানি প্রবাহিত হতে বাধাগ্রস্ত হয়ে রাস্তায় জমে। তবে সংস্কার কাজ শেষ হলে এই সমস্যা থাকবে না।