বাংলাদেশ ফিলোসফিক্যাল সোসাইটির প্রথম জাতীয় সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। সম্মেলন উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোসাইটির সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি ও ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাজাহান মিয়া, প্রচার কমিটির সদস্য অধ্যাপক আজিজুন্নাহার ইসলাম, অধ্যাপক ড. হারুন রশিদ, সহকারী অধ্যাপক মিসেস মন্দিরা চৌধুরী ও রিফাত-ই রুবাইয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনটি দুই পর্বে সাজানো হয়েছে। সকাল সাড়ে ৮টায় রেজিস্ট্রেশনের মাধ্যমে উদ্বোধনী পর্ব ও সম্মেলন শুরু হবে। উদ্বোধনী পর্বে বিশেষ অতিথির বক্তৃতা করবেন ঢাবি কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন সোসাইটির সভাপতি ও ঢাবি দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সাজাহান মিয়া।
দ্বিতীয় পর্বে প্রবন্ধ উপস্থাপন করা হবে। এই পর্বে তিনটি পৃথক অধিবেশনে বাংলাদেশ দর্শন, প্রায়োগিক দর্শন এবং অন্যান্য বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করবেন দেশের বরেণ্য; দার্শনিক, একাডেমিশিয়ান ও গবেষকরা। তৃতীয় অধিবেশনটি ‘উন্মুক্ত’। এতেও কয়েকটি প্রবন্ধ পাঠ করা হবে।
