আমাদের সুপারস্টার না থাকলেও পারফর্মার আছে: রাজিন সালেহ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৪১

বিপিএলের সবশেষ আসরে প্রথম বারের মতো অংশ নেয় সিলেট স্ট্রাইকার্স। দেশসেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অধীনে প্রথম আসরের বাজিমাত করে দেশের সমর্থকদের মনে জায়গা করে নেয় দলটি। খেলেছে ঐ আসরের ফাইনালও। যদিও টুর্নামেন্টটির শুরু থেকে এমনটি মনে হয়নি। একঝাঁক তরুণ নিয়ে সাজিয়ে ছিল দলটি। ঐ দলে ছিল ধারাবাহিক অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত, আন্তর্জাতিক অভিষেক না পাওয়া তাওহিদ হৃদয়, তানজিম হাসান সাকিবসহ অনেকে। তবে তরুণ ক্রিকেটাররা একসঙ্গে জ্বলে ওঠে, যা দেখিয়েছিল তা অকল্পনীয়। এবারও এই দল সাজানো হয়েছে একইভাবে। আর এই দল নিয়ে বেশ আশাবাদীও কোচ রাজিন সালেহ।

গত আসরের ফাইনাল খেলা দল সিলেট এবার অনুশীলন শুরু করেছে সব দলের শেষে। গতকাল ম্যাচ আবহে অনুশীলন করলেও অনেক ক্রিকেটার ছিলেন না। আজ থেকে শুরু হবে দলটির মূল অনুশীলন। এতে যোগ দেবেন দলটিতে থাকা বিদেশি খেলোয়াড়রাও। আর তার আগে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিলেটের কোচ এবারের আসরে নিজেদের লক্ষ্য নিয়ে বলেন, ‘আমি বলি না আমাদের অনেক বড় দল হয়েছে, অনেক মেগাস্টার সুপারস্টার আছে। আমাদের কিছু সুপারস্টার আছে, পারফর্মার আছে। দলের মূল জিনিসটাই হলও পারফর্মার। যদি তারা থাকে, তাহলে ভালো ফল আনতে গুরুত্ব রাখে। আমি মনে করি, আমাদের পারফর্মার আছে, তারা পারফর্ম করবে। তার ওপর আমাদের আশা আছে সিলেট দল সামনে এগিয়ে যাবে।’

এখন পর্যন্ত আসরের কোনো ফ্রাঞ্চাইজি নিজেদের অধিনায়কের নাম প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, গত আসরের মতো এবারও দলটিকে নেতৃত্ব দেবেন মাশরাফি। সিলেটের কোচও এমনটিই ইঙ্গিত দিয়েছেন। বলেন, ‘এখনো পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। এর সাথে সহ-অধিনায়কের ব্যাপারটা নিয়ে আমরা এখনো সিদ্ধান্ত নিইনি। কালকের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে নেব। বিদেশি প্লেয়ার যারা আছে, তারা আগামীকাল (আজ) অনুশীলনে যোগ দেবে। রাতের মধ্যে বেশ কয়েক জন প্লেয়ার আসবে। দুজন প্লেয়ার আমাদের ম্যাচের দিন আসবে।’

গত আসরে শুরু থেকেই সিলেটের হয়ে নাজমুল শান্ত ব্যাট হাতে গর্জে উঠেছিল। তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জ্বলে ওঠেন তাওহিদ হৃদয়। সে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হলেও ঐ বিপিএলের আগে তেমন একটা পরিচিত মুখ ছিলেন না। দলটির হয়ে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছিলেন তিনি। টুর্নামেন্ট জুড়ে ৩৬.৪৬ গড় এবং ১৪০.৪২ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন হৃদয়। টুর্নামেন্টে তার ঝুলিতে ছিল পাঁচটি হাফ সেঞ্চুরি।

তবে এবার হৃদয় সিলেট থেকে পাড়ি জমিয়েছেন গেল আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তো এবার তারা হৃদয়ের স্থানে সিলেটের হয়ে জ্বলে উঠতে পারেন কোচের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সিলেট দলে যারা খেলেছে অনেক প্লেয়ার ছিল যারা জিরো থেকে হিরো হয়েছে। তাওহীদ হূদয় হিরো হয়ে বাংলাদেশ দলে গিয়েছে। আমাদের শান্ত ধারাবাহিক পারফরম্যান্স করছে। সে বাংলাদেশের অধিনায়ক হয়েছে। আমাদের কিছু জাতীয় দলের ক্রিকেটার আছে। ইয়াসির রাব্বি আছে, মিঠুন আলী আছে। আমাদের আশা থাকবে তারাও কামব্যাক করবে। বাংলাদেশ দলকেও প্রতিনিধিত্ব করবে।’

ইত্তেফাক/জেডএইচ