কুড়িগ্রামের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাঘের ৪ তারিখ আজ বৃহস্পতিবার জেলায় ঘন কুয়াশার সঙ্গে হাড়কাঁপানো শীত অনুভূত হয়েছে। এতে শ্রমজীবী ও নিম্ন-আয়ের লোকজনের দুর্ভোগ চরমে উঠেছে।
এদিন সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দিন-রাতের তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় দুপুর পর্যন্ত অতিরিক্ত শীত অনুভূত হচ্ছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার বলেন, ‘এই তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে।’
কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলেই প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা অনুযায়ী কুড়িগ্রামে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘আজ বৃহস্পতিবার কুড়িগ্রামে তাপমাত্রা ১০ এর নিচে নেমে যাওয়ায় জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।’
