ঋণখেলাপিদের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ সুবিধা বহাল

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:২৩

ঋণখেলাপিদের নিয়মিত হওয়ার সুযোগ আপাতত বহাল রইল। বিশেষ সুবিধা সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের জারিকৃত প্রজ্ঞাপনের ওপর হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থা গতকাল মঙ্গলবার স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। রাস্ট্রপক্ষের এ সংক্রান্ত আবেদনের ওপর শুনানি নিয়ে ৮ জুলাই পর্যন্ত ওই স্থগিতাদেশ দেন আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান। একইসঙ্গে স্থগিত আবেদনটি শুনানির জন্য প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বেঞ্চে পাঠিয়ে দেন। ৮ জুলাই পূর্ণাঙ্গ বেঞ্চে এ স্থগিত আবেদনের ওপর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঋণখেলাপিরা মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়েই ঋণ পুনঃতফসিল করতে পারবেন। পুনঃতফসিল হওয়া ঋণ পরিশোধে তারা সময় পাবেন টানা দশ বছর। এক্ষেত্রে প্রথম এক বছর কোনো কিস্তি দিতে হবে না। কেন্দ্রীয় ব্যাংকের এই প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ। গত ২১ মে হাইকোর্ট ওই প্রজ্ঞাপনের ওপর স্থিতাবস্থা জারি করে। আদালত বলেন, ওই প্রজ্ঞাপন ‘দুষ্টের পালন, শিষ্টের দমন’ এর মতো। হাজার হাজার কোটি টাকা লোন নিয়ে যারা ব্যাংক লুট করে ফেলল তাদেরকেই যেন আবার দুধ-কলা দিয়ে পোষা হচ্ছে। এই সুবিধা দেওয়ার মাধ্যমে ব্যাংক থেকে আরো এক লাখ কোটি টাকা নিয়ে যাবে।

হাইকোর্টের এই স্থিতাবস্থার আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও রিটকারীর পক্ষে মনজিল মোরসেদ শুনানি করেন।