এরশাদের অবস্থার উন্নতি নেই

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:২৪

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিত্সাধীন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় নেতা এইচ এম এরশাদের অবস্থার কোনো উন্নতি নেই। গতকাল মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে যারা হাসপাতালে এরশাদকে দেখতে গেছেন তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

এরশাদকে হাসপাতালে দেখতে যাওয়া নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ইত্তেফাককে জানান, এরশাদকে দেখে বোঝার উপায় নেই, আসলে তার অবস্থাটা কি। তিনি মাঝেমধ্যে চোখ মেলছেন, হাত-পা নাড়াচ্ছেন, দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে এ রকম নানা কথা বলা হলেও বাস্তবে এমন কিছু মনে হয়নি বলে মন্তব্য করেন ঐ দুই দর্শনার্থী।    

তবে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের গতকালও রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিএমএইচের চিকিত্সকদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এরশাদকে লাইফ সাপোর্ট দেওয়া হয়নি। তার ফুসফুসে ইনফেকশনের কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। এ কারণে চিকিত্সকরা তাকে অক্সিজেন সাপোর্ট দিয়েছেন। এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে জানিয়ে তার সহোদর কাদের বলেন, পরিবারের স্বজন এবং চিকিত্সকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি। আধো ঘুম-আধো জাগরণে রয়েছেন, চোখও মেলছেন। তবে কথা বলতে পারছেন না।

চিকিত্সকরা এখনো এরশাদের বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন জানিয়ে জি এম কাদের বলেন, তার শারীরিক অবস্থা আগেরদিনের মতোই রয়েছে। সিএমএইচের চিকিত্সকরা এটাকে ইতিবাচক মনে করছেন। এরশাদের বর্তমান পরিস্থিতিতে করণীয় নিয়ে পরামর্শ করতে আজ বুধবার বিকাল তিনটায় বনানী কার্যালয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের যৌথ সভা ডাকা হয়েছে।

এদিকে, এরশাদকে দেখতে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে গেছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। এছাড়াও এরশাদ পত্নী রওশন এরশাদ এবং ছেলে সাদ সস্ত্রীক এরশাদকে দেখতে যান। আগেরদিনের মতো গতকালও রওশন স্বামীর শয্যাপাশে কিছুক্ষণ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন।

সফররত ভারতের কয়েক বিশিষ্ট নাগরিকের প্রার্থনা: এদিকে ঢাকা টু গৌহাটি সরাসরি বিমান চলাচল উপলক্ষে বাংলাদেশে সফররত ভারতের আসাম, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশের বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, অর্থনীতি ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা গতকাল বনানী কার্যালয়ে জি এম কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। এ সময় তারা এরশাদের রোগমুক্তি এবং সুস্থতা কামনায় প্রার্থনা করেন। জি এম কাদের ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, রেজাউল ইসলাম ভূইয়া ও আলমগীর সিকদার লোটন এবং জাপার কেন্দ্রীয় নেতা এম এ রাজ্জাক খান রাজ্জাক ও সুজন দে প্রমুখ।