ঢাকার প্রথম মুঘল সুবেদার ও মুঘল বাহিনীর প্রধান ছিলেন ইসলাম খান চিশতি। তিনিই মূলত মুঘল ঢাকার গোড়াপত্তন করেন। তার পূর্ব নাম ছিল শেখ আলাউদ্দিন চিশতি। সম্রাট জাহাঙ্গীর তাকে ‘ইসলাম খান’ উপাধি দেন।
রাজধানীর মর্যাদা লাভ থেকে শুরু করে শহর-ঢাকার সত্যিকারের প্রবর্তনের কৃতিত্ব অনেকটাই ইসলাম খান চিশতির। এতদ্সত্ত্বেও তার নামে ঢাকার কোনো স্মরণীয় স্থানের নামকরণ হয়নি। শুধু একটি এলাকাই আছে পুরান ঢাকায় তার নামে—ইসলামপুর।
এই ‘ইসলামপুর’ নাম যেন আজও তার শাসনামলকে মনে করিয়ে দেয়। পুরান ঢাকার ঠিক এই মহল্লাতেই তিনি বাস করতেন। বর্তমানে অবশ্য তার বাড়ির কোনো চিহ্নই অবশিষ্ট নেই। এককালের বনেদী এই এলাকা আগে কাঁসা-পিতল, ঘড়ি, বই-পুস্তক প্রভৃতি পণ্যের ব্যবসার জন্য বিখ্যাত ছিল। এখানে মূলত কোম্পানি আমলের ১৭৭৩ সাল থেকে পাইকারি কাপড়ের ব্যবসা শুরু হয়। তবে তার আগে ইসলামপুরে বিভিন্ন ফলের ব্যবসা ছিল, সে জন্য এলাকাটিকে আমপট্টি বলা হতো।
বর্তমানে দেশে তৈরি পোশাকের পাইকারি বাজার হিসেবে খ্যাত রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর। পাইকারি বাজার হিসেবে অধিক পরিচিত হলেও, খুচরা দোকানের সংখ্যাও এখানে অনেক। বিশেষ করে যারা কাপড় কিনে জামা তৈরি করেন, তাদের সবসময়ের পছন্দ ইসলামপুর। এখানকার ব্যবসায়ীদের দাবি, রাজধানীর অন্যান্য বিপণিবিতানগুলোর তুলনায় এখানকার পণ্যের দাম কম। আর এ জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পাইকারি ও খুচরা ক্রেতায় জমজমাট থাকে ইসলামপুর বাজার।
ইসলামপুরের কাপড় শুধু দেশেই নয়, দেশের বাইরেও রপ্তানি করা হয়। মেয়েদের পোশাকের থ্রি-পিস আমেরিকা, সৌদি আরব ও কানাডায় এবং শার্ট-প্যান্টের কাপড় আমেরিকা, জার্মানি, জাপান ও অস্ট্রেলিয়ায় রপ্তানি করা হয় বলে জানান ব্যবসায়ীরা।

