অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেই স্পষ্ট হয়েছিল ম্যাচের ফলাফল। আর সেটাই হলো। ইনিংস হার এড়াতে পারলেও, বড় হার এড়াতে পারেনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ১০ উইকেটের বড় জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ১৮৮ রানের জবাবে দ্বিতীয় দিনে ট্রাভিস হেডের সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয় অজিরা। ৯৫ রানের লিড পায় স্বাগতিকরা।
৯৫ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৭৩ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছিল ক্যারিবিয়ানরা।
শুক্রবার (১৯ জানুয়ারি) তৃতীয় দিনে ব্যাট করতে নেমেও সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ফলোঅন এড়ালেও ১২০ রানে অলআউট হয় তারা। ফলে ২৫ রানের লিড পায় ক্যারিবিয়ানরা। অস্ট্রেলিয়ার পক্ষে জস হ্যাজেলউড নেন ৫টি উইকেট।
২৬ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। তবে দলীয় ২৫ রানে ২০ বলে ৯ রান করে রিটার্ড হার্ট হন অজি ওপেনার উসমান খাজা।
