কাপ্তাইয়ে সন্ত্রাসীদের গুলিতে মা ও মেয়ে নিহত

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:৩৮

রাঙ্গামাটির কাপ্তাইয়ে মা ও মেয়েকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার গভীর রাতে চন্দ্রঘোনা থানাধীন রাইখালি ইউনিয়নের গবাছড়ার আগাপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মা ম্রা সা খই মারমা (৬৯) ও মেয়ে মি সানু মার্মা (৩৫)।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে জানিয়েছেন, সোমবার রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে মারমা সম্প্রদায়ের মা ম্রা সা খই মারমা ও মেয়ে মি সানু মার্মাকে গুলি করে হত্যা করে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিহত দুই জনের মরদেহ উদ্ধার করেছে।

পুলিশ গতকাল সকালে গবাছড়া থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে রাঙামাটি হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। তবে কে বা কারা মা-মেয়ের এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তদন্ত শুরু হয়েছে বলে তিনি জানান।