চট্রগ্রামে জলাবদ্ধতা নিরসন মহাপ্রকল্পের আওতায় নগরীর বেদখল হয়ে যাওয়া খালের ওপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) গতকাল মঙ্গলবার থেকে এই অভিযান শুরু করে। অভিযানের প্রথম দিনে দোতলা ভবন ও সেমিপাকা ঘরসহ খাল দখল করে গড়ে তোলা ২৬টি স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ দখলকারীদেরকে বার বার নির্দেশ দেওয়া সত্ত্বেও তারা খালের উপর থেকে স্থাপনাগুলো স্ব-স্ব উদ্যোগে সরিয়ে নেয় নি। ফলে সিডিএ’র উদ্যোগেই এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে।
সিডিএর কর্মকর্তারা জানান, মহানগরীর ৫৭টি খালের মধ্যে ১৩টি ওপর ১৫৭৬টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে প্রথম দফা অভিযান শুরু করা হয়েছে। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে ৫ হাজার ৬১৬ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার একটি প্রকল্প ২০১৭ সালে একনেকে পাশ হয়। সিডিএর তত্ত্বাবধানে সেনাবাহিনীর সহায়তা নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে। ২০১৮ সালের ২৮ এপ্রিল থেকে খালের আবর্জনা অপসারণের মধ্য দিয়ে শুরু হয় প্রকল্প বাস্তবায়নের কাজ।
প্রকল্প বাস্তবায়নে সহায়তাকারী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকল্পের কাজ শুরুর পর গত এপ্রিল মাস পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন খাল থেকে প্রায় পৌনে ২ কোটি ঘনফুট মাটি ও বর্জ্য অপসারণ করা হয়েছে। গত বছর খালগুলো থেকে ১ কোটি ২৫ লাখ ৮৮ হাজার ঘনফুট এবং চলতি বছরের প্রথম চার মাসে ৪২ লাখ ঘনফুট মাটি উত্তোলন করা হয়েছে।
