প্রধানমন্ত্রীর নির্দেশে ঘর ও জমি পেলেন শেফালী

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:৪২

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি গতকাল মঙ্গলবার ঝালকাঠির কাঠালিয়ার দোগনা বাজারের একমাত্র নারী নরসুন্দর (নাপিত) শেফালী রানি শীলকে দেখতে যান। তাকে নিয়ে ইত্তেফাকসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে ৪ শতাংশ জমির দলিল ও ঘর প্রদানের কাগজপত্র শেফালীর হাতে তুলে দেন তিনি। জমি ও ঘর পাওয়ার সংবাদ শুনে শেফালী আবেগাপ্লুত হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেফালী রানির দুরবস্থার কথা তুলে ধরার জন্য ডা. এনামুর রহমান গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানিয়ে  বলেন,  আপনাদের কারণেই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এসেছে। পরে প্রতিমন্ত্রী কাঠালিয়া উপজেলার বলতলা গ্রামের দোগনা বাজারে সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  

১২ বছর আগে স্বামী নিরুদ্দেশ হওয়ার পর অসহায় হয়ে পড়েন শেফালী রানি শীল (৪৭)। ৮ মেয়ে ও ১ ছেলের লেখাপড়া ও সংসার চালানো দায় হয়ে পড়ে তার। বাধ্য হয়ে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ শুরু করেন। সেখান থেকে যে টাকা পাওয়া যেত, তা দিয়ে কোনো রকমের খাবার জুটত। বাধ্য হয়ে স্বামীর পেশাকে বেছে নেন তিনি। সেই থেকে ১২ বছর ধরে পুরুষের চুল দাড়ি কাটছেন। দোগনা বাজারে এক প্রবাসীর ঘরের বারান্দায় তিনি সেলুন দেন।