এতিমের টাকা যে খেয়েছে তাকে ছেড়ে দেওয়া আমাদের কাজ নয় -------------------আইনমন্ত্রী

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২২:৪৩

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এতিমদের টাকা চুরি করে খেয়েছেন। শুধু এতিমের টাকা নয়, এতিমখানাও খেয়ে ফেলতে চেয়েছেন। তাঁকে ছেড়ে দেওয়া আমাদের কাজ নয়। বাংলাদেশের বিচারব্যবস্থা স্বাধীন। অথচ, বিএনপির নেতারা রাতে টিভির টকশোতে বলেন, দেশে আইনের শাসন নেই।

গতকাল মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ৩ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে সাব-রেজিস্ট্রি অফিসের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধনকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশের মধ্যে নান্দাইলে প্রথম সাব-রেজিস্ট্রি অফিসের ভবন উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে সারা দেশে এ ধরনের সাব-রেজিস্ট্রি ভবন নির্মিত হবে। অগ্রাধিকার ভিত্তিতে ভালুকা উপজেলায়ও সাব-রেজিস্ট্রি অফিসের ভবন হবে বলে মন্ত্রী আশ্বাস দেন।  আনিসুল হক আরো বলেন, বিএনপি, জাতীয় পার্টি যখন দেশ চালাত, তখন দেশ দুর্নীতিতে প্রথম হতো। এখন বাংলাদেশ উন্নয়ন, খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।