কাঞ্চন পৌরসভা নির্বাচন

চার মেয়র প্রার্থীসহ ৪৩ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আপডেট : ০২ জুলাই ২০১৯, ২৩:৪১

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আসন্ন কাঞ্চন পৌরসভা নির্বাচনে ৪ মেয়র প্রার্থীসহ ৪৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ মেয়র প্রার্থীরা হলেন—কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আলহাজ মো. মজিবুর রহমান ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  ও বর্তমান মেয়র দেওয়ান আবুল বাশার বাদশা এবং নারায়ণগঞ্জ জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন। স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজ উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বাতিল করা হয়। মনোনয়নপত্রে ভুল তথ্য থাকায় ও সঠিকভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও কাঞ্চন পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মতিয়ার রহমান এ ঘোষণা দেন। এ সময় রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। 

কাঞ্চন পৌরসভা তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রস্তাবনায় কাঞ্চন পৌরসভা যুবলীগের সভাপতি আলহাজ মো. রফিকুল ইসলাম দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। প্রত্যেক প্রার্থীই নিজেকে সত্, নিষ্ঠাবান, যোগ্য, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থেকে সামাজিক উন্নয়ন করে চলেছেন বলে দাবি করে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রার্থীরা নিজ নিজ সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলেছেন। বিয়ে, মুসলমানিসহ পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা অংশগ্রহণ করছেন। আসন্ন নির্বাচন নিয়ে হাট-বাজারে, দোকানপাটে ও চায়ের দোকানে আলোচনা আর জল্পনা-কল্পনার শেষ নেই।

নির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ না নিলেও দলের তিনজন মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়ায় তারা রয়েছে বেকায়দায়। অপরদিকে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় একক আধিপত্যে প্রচার-প্রচারণায় এগিয়ে চলেছেন আলহাজ মো. রফিকুল ইসলাম। কাঞ্চন পৌরসভা নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, মহিলালীগ, যুব মহিলালীগসহ সকল সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা একাট্টা হয়ে আলহাজ মো. রফিকুল ইসলামের প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মাস্টার বলেন, দলের দুর্দিনে কাজ করার পাশাপাশি শিক্ষিত, সত্, যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত প্রার্থী আলহাজ মো. রফিকুল ইসলাম রফিককে ভোটাররা ভোট দেবেন। কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগ নেতা এমায়েত হোসেন বলেন, সরকারি দলের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ, বিদুত্, গ্যাস, পানি সরবরাহ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল, শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণসহ  সার্বিক উন্নয়ন করা সহজ হয়। তাই  কাঞ্চন পৌরসভার এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকেই ভোটাররা ভোট দেবেন। কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল বলেন, যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম দলের একজন পরীক্ষিত নেতা। তিনি কোনো দিন দলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ করেননি। এছাড়া বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের অত্যন্ত স্নেহভাজন হওয়ায় রফিকুল ইসলাম মেয়র পদে পাশ করলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

উল্লে­খ্য, আগামী ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ। ২৫ জুলাই ভোটগ্রহণ। কাঞ্চন পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬৫ হাজার ৬৬৫ জন।