স্বামীর মৃত্যুর ছয় ঘণ্টার মধ্যে স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে বার্ধক্যজনিত কারণে বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগরের বাবা হাজি ইদ্রিস আলী (৯৮) মারা যান। স্বামীর মৃত্যুর ছয় ঘণ্টা পর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান আলী আজগরের মা রিজিয়া বেগম (৮৫)।
নিহতের আত্মীয় সেলিম হক দিপু জানান, সোমবার রাতে হাজি ইদ্রিস আলীর মৃত্যু হলে মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় পাইকপাড়া স্কুলের মাঠে জানাজা শেষে পাইকপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দাফনের পর বেলা ১১টার দিকে হাজি ইদ্রিস আলীর স্ত্রী রিজিয়া বেগম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বাদ আসর পাইকপাড়া স্কুলের মাঠে রিজিয়া বেগমের জানাজা শেষে পাইকপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে এই দম্পতি ৯ ছেলেসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
