রাজধানীর উত্তরা থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ মিজানুর রহমান ওরফে মিজান (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার বিকালে উত্তরা পশ্চিম থানার উত্তরা ১০ নম্বর সেক্টর স্লুইচ গেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা বলেন, মঙ্গলবার বিকাল ৫টার দিকে এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১০ নম্বর সেক্টর স্লুইচ গেইট এলাকা থেকে মিজানুর রহমানকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে পকেটে ৩০ পিস ও সঙ্গে থাকা ক্যামেরার ভেতরে ২০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদকালে তার দেওয়া তথ্যমতে পুলিশ উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের ২২ নম্বর রোডের ১৭ নম্বর বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরো ১ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করে।
