বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাচ্ছে মিয়ানমার। রোহিঙ্গাদের জন্য মিয়ানমারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা জানাবেন তারা। সোমবার জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত এই তথ্য জানান বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর নিধন অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে।
সোমবার সাধারণ পরিষদের এক বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত হাউ দো সুয়ান বলেন, শিগগিরই মিয়ানমার সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল কক্সবাজার রোহিঙ্গা শিবিরে যাবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়টি তারা ব্যাখ্যা করবেন। তিনি বলেন, ৩০ হাজারের মতো রোহিঙ্গাকে প্রত্যাবাসনের ব্যাপারে অনুরোধ জানানো হয়েছিল। এর মধ্যে যাচাই-বাছাইয়ে ১৩ হাজার ২০০ জনের রাখাইনে বসবাসের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তারা যে কোনো সময় মিয়ানমারে ফিরতে পারে।
খবরে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ফেরত ও তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক চাপের মুখে রয়েছে মিয়ানমার।
