আজ থেকে পাঁচদিন নানা কর্মসূচি পালন করবে বাম জোট

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০০:২৪

গ্যাস ও সিলিন্ডারের দাম বৃদ্ধি এবং জনদুর্ভোগের বাজেটের প্রতিবাদে আজ বুধবার থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত পাঁচদিন বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল মঙ্গলবার রাজধানীর মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

বাম জোটের কর্মসূচির মধ্যে রয়েছে—আজ বিভিন্ন থানায় প্রচার মিছিল, আগামীকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব থেকে গাবতলী অভিমুখে পদযাত্রা ও বিভিন্ন থানায় গণসংযোগ, শুক্রবার গণসংযোগ, শনিবার জাতীয় প্রেসক্লাব থেকে যাত্রাবাড়ী অভিমুখে পদযাত্রা, থানায়-থানায় মিছিল ও জাতীয় প্রেসক্লাব থেকে মশাল মিছিল এবং ৭ জুলাই রবিবার সারা দেশে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আধাবেলা হরতাল।

লিখিত বক্তব্যে বলা হয়, গ্যাসের দাম বাড়ানোয় বিদ্যুত্, বাসাবাড়ি, পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, পানিসহ জনজীবনের ব্যয় ও কৃষিসহ শিল্প উত্পাদন খরচ বাড়বে। নিম্ন আয়ের মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়বে। বাম জোট অভিযোগ করে, সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির পাশাপাশি গ্যাস, বিদ্যুত্ ও জ্বালানিখাতকে লুটপাটের অন্যতম ক্ষেত্র হিসেবে পরিণত করেছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভুঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মমিনুল ইসলাম প্রমুখ।