সাভারে আওয়ামী লীগ নেতাসহ তিনজন আটক, গণপিটুনি

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০০:২৪

সাভারে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একটি ওষুধের দোকানে চাঁদাবাজির সময় পৌর আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। সোমবার রাত ১০টার দিকে তারা চাঁদা নিতে সাভারের ব্যাংকটাউন বটতলা এলাকার ‘সরদার মেডিকেল’ নামক ওষুধের দোকানে গেলে এ ঘটনা ঘটে। সাভার মডেল থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আটকৃতরা হচ্ছেন : সাভার পৌর এলাকার জালেশ্বর মহল্লার মৃত আ. ওয়াদুদের ছেলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. মহসিন বাবু (৩৯), চাপাইন এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (৩৬) ও রেডিও কলোনি ভাটপাড়া এলাকার আব্দুল মতিন ভূঁইয়ার ছেলে মো. সালেহ আল-মামুন (৩৭)। এছাড়া পৌর এলাকার টিয়াবাড়ী মহল্লার ঝন্টু (৩৮) ও জয় (৩৬) নামে আরো দুজন পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে আওয়ামী লীগ নেতা মহসিন বাবুর নেতৃত্বে দুটি মোটরসাইকেল নিয়ে পাঁচ চাঁদাবাজ পৌর এলাকার ব্যাংক টাউন বটতলা মহল্লার সরদার মেডিকেল নামক ওষুধের দোকানে যায়। এ সময় তারা নিজেদেরকে গোয়েন্দা পুলিশ দাবি করে দোকানে থাকা ব্যবসায়ী এস এম রাজিবুর রহমানের কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু ঐ ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে মোটরসাইকেলে করে তুলে আনার চেষ্টা চালায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এসে তাদের পরিচয়পত্র দেখতে চান। অবস্থা বেগতিক দেখে দুই সদস্য পালিয়ে যায়। পরিচয়পত্র দেখাতে না পারায় তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে জনতা।

ওষুধ ব্যবসায়ী রাজিবুর রহমান বলেন, ‘এর আগেও চক্রটি গত ২৫ মে রাত সাড়ে ৮টার দিকে নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে আমার দোকানে আসে। এ সময় দোকানে নকল ও ভেজাল ওষুধ আছে—এ কথা বলে আমাকে ধরে নিয়ে যাওয়ার ভয়ভীতি দেখিয়ে ২৫ হাজার টাকা হাতিয়ে নেন মহসিন বাবু।’ সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।