চলমান বিপিএল ব্যাট হাতে ধারাবাহিকতায় রয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমে টি-টোয়েন্টি মেজাজে ২৪ বলে খেলেন ৩৫ রানের ইনিংস। গতকাল দ্বিতীয় ম্যাচে ৩৩ বলে খেলেন ৪০ রানের ইনিংস। আর তাতেই পৌঁছে যান বিপিএলের প্রথম ব্যাটার হিসেবে তিন হাজারি রানের ক্লাবে।
খুলনা টাইগার্সের বোলার নাসুম আহমেদের করা ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে তা পূরণ করেন তিনি। এই মাইলফলক ছুঁতে বিপিএলে ৯১ ম্যাচ খেলতে হয়েছে তামিমের। গতকালকে ৩৮.৪৩ গড় ও ১২২.৯১ স্ট্রাইকরেটে ইনিংসে ৩ হাজার ৫ রান করেছেন তিনি। এর মধ্যে ২৫ অর্ধশতক ও দুটি শতক আছে তার।
এদিকে তামিমের সঙ্গী হওয়ার দৌড়ে আছেন তার সতীর্থ মুশফিকুর রহিমও। গতকাল নিজের ১১৩তম ম্যাচ খেলার আগে মাইলফলক থেকে ৯২ রান দূরে ছিলেন মুশফিক। তবে সোমবার তিনি ৩৯ বলে ঝড়ো ইনিংস খেলে করেছেন ৬৮ রান। এখন বিপিএলে মুশফিক দ্বিতীয় ব্যাটার হিসেবে তিন হাজারি রানের ক্লাবে ঢুকতে ২৪ রান দূরে অপেক্ষা করছেন। অবশ্য মুশফিক এই টুর্নামেন্টে ১ হাজার রান করা প্রথম ব্যাটার। ২০১৬ সালে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে তাকে পেছনে ফেলে ২ হাজার রানে প্রথম হন তামিম।
এই তালিকার তিনে আছেন ফরচুন বরিশালের আরেক ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ। গতকালকের ম্যাচের পর তার রান ২ হাজার ৩২৯। ১০৭ ম্যাচে ২ হাজার ২৫৪ রান নিয়ে চারে আছেন ইমরুল কায়েস। পাঁচে থাকা সাকিব আল হাসান ১০১ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ১৪৪ রান। তারপর এই দুই হাজারি ক্লাবে রয়েছেন খুলনার অধিনায়ক এনামুল হক বিজয়।
বিপিএলে সবচেয়ে বেশি রান (শীর্ষ পাঁচ)
ব্যাটসম্যান ইনিংস রান সর্বোচ্চ স্ট্রাইক রেট ১০০/৫০
তামিম ইকবাল ৯০ ৩০০৫ ১৪১* ১২২.৮০ ২/২৫
মুশফিকুর রহিম ১০৭ ২৯৭৬ ৯৮* ১৩৩.৬৩ ০/১৯
মাহমুদউল্লাহ ১০০ ২৩২৯ ৭০* ১২২.১৯ ০/১০
ইমরুল কায়েস ১০৫ ২২৫৪ ৮১* ১১৭.৫১ ০/১০
সাকিব আল হাসান ৯৮ ২১৪৪ ৮৯* ১৩৭.২৫ ০/১১
