ব্যক্তিগত কারণে টেস্ট সিরিজে নেই কোহলি

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১২:২২

ঘরের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আগামী বৃহস্পতিবার মাঠে নামবে ভারত। সেই লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে স্বাগতিকরা। তবে এর মধ্যেই শোনা গেল আসন্ন এই সিরিজের শুরু থেকেই খেলবেন না স্বাগতিক তারকা ব্যাটার বিরাট কোহলি। ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন এই ব্যাটার। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এক বিবৃতিতে মাধ্যমে এই তথ্য নিশ্চিত করে। 

সোমবার বিসিসিআইয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘কোহলি দলের অধিনায়ক রোহিত শর্মা, টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি জানিয়েছেন যে, দেশের প্রতিনিধিত্ব করা সব সময়ই তার সর্বোচ্চ অগ্রাধিকার, তবে কিছু ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ছুটি চেয়েছেন তিনি।’ 

সেইসঙ্গে সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিসিসিআই এই তারকা ব্যাটারের সিদ্ধান্তকে সম্মান করে এবং দলে থাকা বাকি সদস্যদের এই সিরিজে প্রশংসনীয় পারফরম্যান্স করতে এই বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।’ এছাড়াও বিসিসিআইয়ের পক্ষ থেকে আরও বলা হয়, বিরাট কোহলির ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়া এবং ভক্তদের অনুরোধ করেছে যেন তারা এ বিষয়ে খুব বেশি আলোচনা না করেন। 

তবে বিরাটের ব্যক্তিগত কারণ কি তা জানা না গেলেও ভারতীয় কয়েকটি গণমাধ্যমের সূত্র অনুসারে, তার স্ত্রী অভিনেত্রী আনুষ্কা শার্মা সন্তানসম্ভবা। হয়তো এই সময়টাতে স্ত্রীর পাশে থাকতেই বিরাট দল থেকে ছুটি নিয়েছেন এমনটাই ধারণা করা হচ্ছে। এর আগে বিরাট কোহলি সবশেষ অনুষ্ঠিত হওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালীন সময়েও ব্যক্তিগত কারণে এক দিনের জন্য দেশে এসেছিলেন।

ইত্তেফাক/জেডএইচ