তিস্তার পানি পায়নি বলে বাংলাদেশ ইলিশ দিচ্ছে না :মমতা

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০০:২৫

বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র। তিস্তার পানি দিতে পারিনি বলে তারা দুঃখ পেয়েছে। পানি থাকলে তো দেব! এর জন্য ওরা ইলিশ পাঠানো বন্ধ করে দিয়েছে। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বিধানসভার প্রশ্নোত্তর পর্বে দেগঙ্গার বিধায়ক রহিমা বিবির এক প্রশ্নের উত্তরে মমতা বলেন, তিস্তায় পানি নেই। আর পানি না থাকলে বাংলাদেশকে দেব কী করে এ কারণে ওরা ইলিশ পাঠাচ্ছে না। এরপরই তিনি বলেন, পশ্চিমবঙ্গে ইলিশের চাষ হচ্ছে। ইলিশের গবেষণাকেন্দ্র করা হয়েছে। আমরা ইলিশের চাষ এমনভাবে বাড়াচ্ছি, ভবিষ্যতে অনেক দেশকে ইলিশ দিতেও পারব।’ পাশাপাশি তিনি বলেন, কোলাঘাট, ডায়মন্ড হারবারসহ বিভিন্ন জায়গা থেকে ইলিশ ওঠে। তবে ইলিশ যদি ছোট অবস্থায় খেয়ে ফেলি, তা হলে বড়ো হবে কী করে আমরা প্রচুর পুকুর কেটেছি। সেখানে মাছ চাষ হচ্ছে। মাছ চাষের জন্য ময়না মডেল করেছি। দুএক বছরের মধ্যে এ রাজ্যে বড়ো মাছের উত্পাদন এমন জায়গায় যাবে, বাইরে থেকে মাছ আমদানি করতে হবে না।

উল্লেখ্য, তিস্তার পানি নিয়ে বাংলাদেশের দাবি দীর্ঘদিনের। ২০১১ সালে ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফরে আসার কথা ছিল মমতার। কিন্তু তিস্তার পানি নিয়ে ভারত সরকারের সঙ্গে দ্বন্দ্বে তিনি আসেননি।