এই সরকার আর বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না ---------------------মির্জা ফখরুল

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ০০:২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার মানুষের মর্যাদা, মানবতা ও নাগরিক স্বাধীনতাকে পদদলিত করছে শুধুমাত্র একদলীয় কর্তৃত্ব চিরস্থায়ী করার জন্যই। তবে দুঃশাসনের অবসানের আলামত ইতিমধ্যেই ফুটে উঠতে শুরু করেছে। এই সরকার আর বেশিদিন ক্ষমতা ধরে রাখতে পারবে না। জনগণের বিজয় হবেই। তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে এবং বর্তমান সরকারের সকল অপকর্ম ও দুঃশাসন রুখে দিতে জনগণ সাহসিকতার সঙ্গে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়বেই।

বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি পালনকালে বান্দরবান জেলা জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউছুপসহ গত কয়েকদিনে ১২ জন নেতাকর্মীকে গ্রেফতারের ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী লীগ সরকার দেশে স্বৈরাচারী শাসন কায়েম রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও গ্রেফতার করে কারান্তরীণ করতে বেপরোয়া হয়ে উঠেছে। তিনি বলেন, নিষ্ঠুর দমননীতি ও মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করে বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিকে বাধাগ্রস্ত এবং নেতাকর্মীদের গ্রেফতার করা সরকারের রুটিন কর্মসূচিতে পরিণত হয়েছে।

বিএনপি মহাসচিব অবিলম্বে মো. ইউছুপসহ ১২ জন নেতাকর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।