খুলনা বিভাগের ৬ জেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৬:২৩

তীব্র শীতের কারণে খুলনায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, স্কুলগুলোতে বন্ধের নির্দেশনা পৌঁছানোর আগেই বহু শিক্ষার্থী স্কুলে গিয়ে ছুটির কথা জানতে পেরে বিড়ম্বনার মধ্যে পড়ে।

খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম জানান, তীব্র শীতের কারণে খুলনা মহানগরীসহ জেলার ১ হাজার ১৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া তীব্র শীতের কারণে খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোরে মোবাইল ফোনের খুদে বার্তার মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রধানকে বন্ধের নির্দেশনা দেওয়া হয়। তা ছাড়া সকাল ১০টায় বিদ্যালয়গুলোতে চিঠি পাঠানো হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। তবে নির্দেশনা দিতে দেরি হওয়ায় সাতক্ষীরায় মঙ্গলবার ছুটি দেওয়া হয়নি বলেও জানান তিনি।

অপরদিকে, খুলনা বিভাগীয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক খো. রুহুল আমিন জানান, তীব্র শীতের কারণে খুলনা বিভাগের খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সকল মাধ্যমিক বিদ্যালয় দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আবহাওয়া বিবেচনা করে বুধবার এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, মঙ্গলবার খুলনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা খুলনায় চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা।

ইত্তেফাক/পিও