ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে মারামারির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রলীগের চারজনকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ এর কথা জানানো হয়। বহিষ্কার হওয়া সকলেই বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের পদধারী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও মর্যাদা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হওয়ার অভিযোগে মাশফিউর রহমান, ফিরোজ আলম অপি, আব্দুল্লাহ আল মারুফ ও নিঝুম ইফতারকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
এ বিষয়ে দপ্তর সম্পাদক পান্থ বলেন, তাদেরকে সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকার কিছু অভিযোগ আমাদের হাতে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে আমরা পর্যালোচনা করে দেখবো তাদের কতটুকু সংশ্লিষ্টতা আছে এসব কাজে।
উল্লেখ্য, আজ (২৩ জানুয়ারি) দুপুর বেলায় মধুর ক্যান্টিনে দাঁড়ানোকে কেন্দ্র করে সূর্যসেন ও বিজয় একাত্তর হল শাখা ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় সূর্যসেন হল শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক কামরুল হাসান গুরুতর আহত হন। এছাড়াও তৃতীয় বর্ষের হল শাখা ছাত্রলীগের কর্মী সাইদুর রহমান শান্ত এবং তিতুমীর কলেজ ছাত্রলীগের এক কর্মী আহত হয়।
