মির্জা আব্বাসের দুর্নীতির মামলা রায় থেকে যুক্তিতর্কে

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১৯:৩১

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে করা মামলা রায় থেকে উত্তোলন করে যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বেঞ্চ সহকারী জাহিদুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিচারক মঞ্জুরুল ইমাম মামলাটি রায় থেকে উত্তোলন করে যুক্তিতর্কের জন্য দিন ধার্য করেছেন। 

আদেশে উল্লেখ করা হয়, মামলাটিতে ঘটনাগত এবং তথ্যগত বিষয়সহ জটিল আইনগত বিষয় জড়িত রয়েছে। এ বিষয়ে উভয় পক্ষের অধিকতর যুক্তিতর্ক শুনানি হওয়া আবশ্যক মর্মে আদালত মনে করে। এ জন্য মামলাটি রায় প্রচারের তালিকা থেকে উত্তোলন পূর্বক অধিকতর যুক্তিতর্ক শুনানির সিদ্ধান্ত গৃহীত হল। আগামী ২৪ জানুয়ারি অধিকতর যুক্তিতর্ক শুনানির জন্য তারিখ ধার্য করা হলো। এর আগে রায় ঘোষণার জন্য গত ২৮ ডিসেম্বর তৃতীয় বারের মতো রায়ের তারিখ পেছানো হয়। 

জানা যায়, মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন ৭ কোটি ৫৪ লাখ ৩২ হাজার ২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭ লাখ ২৬ হাজার ৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের উপপরিচালক মো. শফিউল আলম রাজধানীর রমনা থানায় মামলা করেন। 

২০০৮ সালের ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. খায়রুল হুদা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০০৮ সালের ১৬ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার চলাকালীন আদালত বিভিন্ন সময়ে ২৪ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

ইত্তেফাক/পিও