নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওবায়দুল হক (৬০) নামে এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ।
বুধবার (২৪ জানুয়ারি) সকাল নয়টার দিকে গোপালদী পৌরসভার সামনে থেকে ওই পাহারাদারের লাশ উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল হক সদাসদী পশ্চিমপাড়া গ্রামের মৃত সাহাজ উদ্দিনের ছেলে।
গোপালদী তদন্ত কেন্দ্রের এসআই সোহাগ সাহা বলেন, ‘নিহত ওবায়দুল গোপালদী পৌরসভার সামনের ছোট একটি বাজার পাহারা দিতেন। গতকাল মঙ্গলবার রাতে পাহারা দিতে আসেন তিনি। বাজারের দোকানদাররা সবাই চলে গেলে পাহারা দিতে থাকেন তিনি। আজ বুধবার সকালে আকস্মিকভাবে ওই বাজারের পরিত্যাক্ত একটি দোকানে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।’
তিনি আরও বলেন, ‘নিহতের দেহে আঘাতের চিহ্ন নেই। এ জন্য মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর সবকিছু জানা যাবে।’
