ইউপি চেয়ারম্যানের জামিন নামঞ্জুর, হাজতে প্রেরণ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৭:৫৬

চাঁদপুর আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় জেলে যেতে হলো ফরিদগঞ্জের চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার। 

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের বিচারিক আদালত-১ এ একটি চাঁদাবাজির মামলায় হাজিরা দিতে গেলে আদালত ১ ও ২ নম্বর আসামির জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির, চর দুঃখিয়া পশ্চিম ইউনিয়নের জনৈক আলমগীর হোসেন বাদী হয়ে চাঁদপুর জুডিশিয়াল আদালতে মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন।
  
পিবিআইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া বলন, মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে মামলাটির তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেনের স্ত্রীকে বেআইনিভাবে আটকে রেখে ২ লক্ষ টাকা চাঁদা আদায় করে বলে অভিযোগ করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়।
 
বাদী আলমগীর হোসেন জানান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর বৃহস্পতিবার শুনানি শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারের জামিন না-মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয়।

ইত্তেফাক/পিও