ডিইউজে ইত্তেফাক ইউনিটের চিফ আবুল খায়ের, ডেপুটি চিফ আল-মামুন পুনর্নির্বাচিত

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২০:৩২

দৈনিক ইত্তেফাকের ইউনিট চিফ পদে আবুল খায়ের এবং ডেপুটি ইউনিট চিফ পদে মোহাম্মদ আল-মামুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ইত্তেফাকের বার্তাকক্ষে ডিইউজের (ঢাকা সাংবাদিক ইউনিয়নের) ইত্তেফাক ইউনিটের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। বিদায়ী ডেপুটি ইউনিট চিফ মোহাম্মদ আল-মামুনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিদায়ী ইউনিট চিফ আবুল খায়ের। ইউনিটের গত দুই বছরের কার্যক্রম তুলে ধরেন আবুল খায়ের। 

বক্তব্য রাখেন বার্তা সম্পাদক সাজ্জাদ হোসেন, যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ, সহকারী সম্পাদক মহসিন হাবীব, আজাদ কবির, আশেক খান আলেখীন, সুকমল চন্দ্র দাস, জাকিরুল ইসলাম, আশরাফুল ইসলাম, এইচ এম তৌহিদ আজিজ। সভায় ইউনিটের সদস্য পারভীন আক্তার, সাবেক সদস্য গৌতম বোস, সিনিয়র সাব-এডিটর আশেক খান আলেখীনের মা ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সাবেক প্রধান গ্রন্থাগারিক আয়েশা সিদ্দিকার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। সভা শেষে ইত্তেফাক ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন পরিচালনা করেন যুগ্ম বার্তা সম্পাদক অশোক কুমার সিংহ। 

নবনির্বাচিত ইউনিট চিফ ও ডেপুটি ইউনিট চিফকে অভিনন্দন জানিয়েছেন দৈনিক ইত্তেফাক (এন.এন.পি.পি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও সাধারণ সম্পাদক নাজমুল আহসান পিন্টু, ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম আকতার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আমজাদ মারুফ।

ইত্তেফাক/এএএম