ভীষণ বিব্রত কঙ্গনা!

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ২১:০৪

নিয়মিত কাটাক্ষের শিকার হলেও সম্প্রতি রাম মন্দির ঝাড়ুদিয়ে অনেকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সোমবার অযোধ্যায় উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, অনুপম খের, আলিয়া ভাট, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলরা, রাম চরণ থেকে শুরু ভারতের শীর্ষ তারকারা। তবে কঙ্গনা অযোধ্যায় পৌঁছে গিয়েছিলেন একদিন আগেই। সেখানে বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় কঙ্গনার। আনন্দে হাত ছুঁড়তে থাকেন আকাশের দিকে। শুধু তাই নয়, অযোধ্যায় গিয়ে মনের মানুষ খুঁজে পেয়েছেন কঙ্গনা! এমনকি সেই মানুষটির সঙ্গে মন্দিরের সামনে দাঁড়িয়ে একাধিক ছবিও তোলেন তিনি। 

জানা গেছে, ছবিতে থাকা সেই নিশান্ত ভারতের নামী ভ্রমণ সংস্থার মালিক। এদিকে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই কানাঘুষা শোনা যাচ্ছে, প্রেমে পড়েছেন কঙ্গনা। যা নিয়ে রীতিমতো জ্বলে উঠেছেন কঙ্গনা। এমনকি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ক্ষোভও ঝেড়েছেন তিনি। যেখানে কঙ্গনা জানিয়েছেন, তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন, খুব শিগগিরই নিজের প্রেমিককে প্রকাশ্যে আনবেন। তবে নিশান্ত তার প্রেমিক নন, তিনি বিবাহিত পুরুষ। 

কঙ্গনার কথায়, ‘এক জন নারী ও পুরুষ একসঙ্গে ছবি তুলেছেন মানেই তারা প্রেম করছেন, এমন খবর ছড়াবেন না, এটা ভীষণ বিব্রত করে।’ অন্যদিকে, একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বেশ কিছুদিন ধরেই হতাশায় ভুগছেন কঙ্গনা। যে কারণে একাধিকবার বিভিন্ন মন্দিরে পুজো দিতেও দেখা গেছে তাকে। এছাড়া তিনি অভিনয় ছেড়ে শিগগিরই রাজনীতির মাঠে নামবেন বলেও জোর গুঞ্জন রয়েছে বলিপাড়ায়। যদিও বিষয়টি নিয়ে এখন অবধি আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি। তবে বিভিন্ন সময় রাজনৈতিক সমাবেশে যোগ দেওয়া এবং বিজেপিকে নিয়ে তার নানা মন্তব্যে পরোক্ষাভাবে বিষয়টি স্বীকার করেছেন কঙ্গনা। সেই জায়গা থেকে অনেকেই মনে করছেন হয়তো অভিনয় ছেড়ে রাতনীতিতেই থিতু হতে চাইছেন তিনি।

ইত্তেফাক/এএএম