জাতীয় সংসদের চীফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, পৃথিবীর অনেক বড় বড় শক্তি —যাদের নাম শুনলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানরা ভয় পেতো, এবার তাদের সরাসরি বিরোধীতা থাকার পরও শেখ হাসিনাকে এক ইঞ্চি সরাতে পারেনি। বরং এই নির্বাচনে আমাদের আদর্শেরই জয় হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তাঁরা সকলেই বঙ্গবন্ধুর আদর্শের লোক। সরকারি দল ও বিরোধীদল, সকলেই এখন স্বাধীনতার পক্ষের থাকবো।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধায় শিবচরের ভদ্রাসন ক্রোকচর লোকনাথ ব্রক্ষচারী মন্দিরের নাট মন্দির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে চীফ হুইপ শিবচর পৌরসভার কালিবাড়ি মন্দিরের ৫৬তম মহানাম যজ্ঞানুষ্ঠান পরিদর্শন করে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার , শিবচর পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) রব্বানী হোসেন, ওসি সুব্রত গোলদার, পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের অধিনায়ক। আমরা তাঁর নেতৃত্বে কাজ করে যাব। স্বাধীনতা বিরোধী শক্তির যে হুংকার ছিল, তা ভেঙে চুরমার করে দিয়েছেন শেখ হাসিনা। তিনি ক্ষমতায় গিয়েছিলেন বলে যুদ্ধাপরাধীদেরও বিচার হয়েছে। বর্তমান সংসদের কোনো এমপি যুদ্ধাপরাধী বা যুদ্ধাপরাধীর সন্তান নন। প্রত্যেকেই মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করেন।
