হামাসের বহু যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের 

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৪:২২

গাজার খান ইউনিসে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল লড়াই চলছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, খান ইউনিসে লড়াইয়ে কয়েক ডজন হামাসের যোদ্ধা নিহত হয়েছে। আজ শুক্রবার টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, খান ইউনিসে বিমান বাহিনী সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেইসঙ্গে স্থল বাহিনীও লড়ছে। এতে হামাসের কয়েক ডজন বন্দুকধারী নিহত হয়েছে। 

রাতভর খান ইউনিসে হামাসের বেশ কয়েকটি স্থাপনাতেও হামলা চালানো হয়েছে। এর মধ্যে অস্ত্রাগার, নজরদারি পোস্টও আছে।

গত বছরের ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। এতে ইসরায়েলে ১২০০ জন নিহত হয়। আহত তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। 

এতে এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ২৫ হাজারের বেশি। আহত প্রায় ৬০ হাজার। ইসরায়েলের পক্ষ থেকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় অভিযান বন্ধ হবে না। 

ইত্তেফাক/এসআর