মোরেলগঞ্জে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে আহত ১২

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৪:৪৫

বাগেরহাটের মোরেলগঞ্জে আওয়ামী লীগের ২ গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ নেতাকর্মী আহত হয়েছেন।

পূর্ব শত্রুতা, দলীয় অন্তর্কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে পঞ্চকরণ ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতদের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক খলিফা (৪৫) ও আওয়ামী লীগ কর্মী বাবুল খলিফাকে (৫০) উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার বেলা ১২টার দিকে বাগেরহাট থেকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। এছাড়া আহত যুবলীগ কর্মী জাকারিয়া খলিফা (২৬), বিপ্লব শেখ (৩৫), তাঁতী লীগ কর্মী সাইদুল ফকির (৫৫) ও মাদরাসা ছাত্র আবুবকর খলিফাকে (২০) বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পাশাপাশি স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন খলিফা (৫০), রানী বেগম (৩৫), কৃষক লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক হানিফ শরীফ (৪০), ফারুক শরীফ (৪০) ও টুকু হাওলাদার (২৭)।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। পরিস্থিতি শান্ত আছে।’

ইত্তেফাক/এইচএ