রাজধানীর রামপুরা, রমনা ও হাতিরঝিল এলাকায় অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করতে জনসচেতনতামূলক মাইকিং প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
২৭ জানুয়ারি (শনিবার) রাজউক জোন-৬/১ অন্তর্ভুক্ত এলাকায় সকাল থেকে এমন জনসচেতনতামূলক মাইকিং প্রচারণার দৃশ্য দেখা গিয়েছে। প্রচারণায় ইমারত বিধিমালার প্রতিপালন যোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে জনসচেতনতা তৈরি করতে মাইকিং করা হয় এর মধ্যে অনুমোদিত নকশা ছাড়া ইমারত নির্মাণ থেকে বিরত থাকা, অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণাধীন ভবনের সকল নিয়ম কানুন যথাযথ ভাবে মেনে চলা, নির্মাণ কাজে সম্পৃক্ত শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাইট বেষ্টনি তৈরি করার কথা বলা হয়।
এছাড়াও যে সব ভবন মালিক প্রচারণায় উল্লেখ করা বিষয় গুলো অমান্য করবে তাদের বিরুদ্ধে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।
এই বিষয়ে রাজউকের জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া বলেন, রাজউক চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী বাসযোগ্য নিরাপদ নগরী গড়তে ভবন মালিকদের সচেতনতা বাড়াতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা নকশা নিয়ে এর নিয়ম কানুন মানছে না তাদের নিয়ম প্রতিপালনে উদ্বুদ্ধ করা।
জনসচেতনতামূলক মাইকিং প্রচারণার ও লিফলেট বিতরণের বিষয়ে রাজউক জোন-৬/১ এর অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, ইমারত বিধিমালা পরিপূর্ণ ভাবে বাস্তবায়নে তাদের সচেষ্ট করে তুলতে হবে। ভবন মালিকদের মাঝে সচেতনতা তৈরি হলে বৈধ ভাবে যেমন ইমারত নির্মাণের হার বাড়বে তেমনি করে ঝুঁকিপূর্ণ ভবন ও দূর্ঘটনার হার কমে আসবে। এছাড়াও অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে আসছি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী অথরাইজড অফিসার মোঃ সাব্বিরুল ইসলাম, প্রধান ইমারত পরিদর্শক বাসু দেব ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মোঃ ফিরোজ আলম, সুমন আহমেদ, মোঃ সাইফুল ইসলাম, মো: ইমরান শেখ, মোঃজিয়াউদ্দিন, মোঃ কামরুজ্জামান, নাজিম উদ্দিন, সুব্রত কর্মকার, নাহিদুল ইসলাম, বিশ্বজিৎ সিংহসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।
