ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৬:৪২

খুলনার ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। 

এ ঘটনায় গতকাল শনিবার (২৭ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি হন ভুক্তভোগী ওই তরুণী।

ওসিসির কো-অর্ডিনেটর ডা. সুমন রায় জানান, ডুমুরিয়ার ২৮ বছরের এক তরুণী শনিবার রাত সোয়া ১১টার দিকে খুমেক হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন। পরে তাকে ওসিসিতে রেফার্ড করা হয়। তাকে ধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।

ভুক্তভোগী তরুণী বলেন, মধুগ্রাম কলেজে পড়ার সময় উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। কিন্তু পরে বিয়ের কথা বললে টালবাহানা শুরু করেন। 

তবে অভিযোগ অস্বীকার করে ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ বলেন, এ রকম কোনো ঘটনা ঘটেনি। 

ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা বলেন, ‌‘এ ব্যাপারে এখনো কেউ থানায় কোনো অভিযোগ করেনি। ফলে সত্য-মিথ্যা কিছুই বলতে পারছি না। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’ 

ইত্তেফাক/ডিডি