পাঁচবিবিতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০১:৩০

জয়পুরহাটের পাঁচবিবিতে জরিনা হত্যা মামলায় স্বামী আমিনুল ইসলাম বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দুই জনকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম বাবু পাঁচবিবির মহীপুর এলাকার মোখলেছার রহমানের ছেলে।

জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল মামলার বিবরণের বরাত দিয়ে জানান, আসামি আমিনুল ইসলাম বাবু বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি করত। তার স্ত্রী জরিনা বিষয়টি নিয়ে স্বামীকে বাধা দেন ও তার বাবা-মাকেও বিষয়টি জানান। এতে আমিনুল তাকে মারপিট করলে নিহতের পরিবার ১৯৯৬ সালের ২৪ এপ্রিল নালিশ ডাকেন। এতে ক্ষিপ্ত হন আমিনুল। পর দিন ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৫ এপ্রিল নিহতের বাবা আব্দুস সোবহান বাদী হয়ে তিন জনের নামে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক আলতাফুর রহমান ১৯৯৭ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত রবিবার দুপুরে এ রায় দেন।

মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌঁসলি অ্যাডভোকেট নৃপেন্দ্র নাথ মণ্ডল (পিপি), উদয় সিং (এপিপি)। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হেনা কবির।

ইত্তেফাক/এমএএম