শ্রীলঙ্কার ওপর থেকে  নিষেধাজ্ঞা তুলে নিল আইসিসি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১২:২৫

গেল বছর ভারতের মাটিতে বিশ্বকাপ চলাকালীন সময় দেশটির ক্রিকেট বোর্ডের ওপর সরকারের সরাসরি হস্তক্ষেপের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, যা নিয়ে চলে নানান বিতর্ক। নিষিদ্ধ করার প্রায় দুই মাস পর গতকাল আইসিসি এক বিবৃতির মাধ্যমে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় নিশ্চিত করে।

রবিবার আইসিসির সেই বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি সদস্য হিসেবে তার বাধ্যবাধকতাগুলোর গুরুতর লঙ্ঘনের জন্য নভেম্বর মাসে শ্রীলঙ্কা ক্রিকেটকে নিষিদ্ধ করা হয়েছিল, বিশেষ করে স্বায়ত্তশাসিতভাবে এর বিষয়গুলো পরিচালনা করার প্রয়োজনীয়তা এবং বর্তমানে শ্রীলঙ্কায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর দেশটির সরকারের সরাসরি কোনো হস্তক্ষেপ নেই তা নিশ্চিত করা গিয়েছে।’ 

সেই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করার পর তাদের পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছিল। আমরা এখন সন্তুষ্ট যে দেশটির ক্রিকেট বোর্ড আইসিসির সদস্যতার কোনো আইন লঙ্ঘন করছে না।’

ইত্তেফাক/জেডএইচ