এক মাস ধরে পানি নেই সরকারি হাসপাতালে, দুর্ভোগে রোগীরা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ১৫:১৯

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ দিন থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প বিকল হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। তবে কবে নাগাদ আবার পানি সরবরাহ স্বাভাবিক হবে তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি তারা। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালের রোগী ও স্বাস্থ্যকর্মীরা। 

হাসপাতাল সূত্রে জানা যায়, রামগঞ্জ সরকারি হাসপাতালে একমাত্র পানির উৎস বড় পাম্পটি বিকল হয়ে পড়ে গত ২৯ ডিসেম্বর। এর কয়েক মাস আগে লবণাক্ত ও ময়লা পানি আসার কারণে উপজেলা ও পৌরসভার হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়। তখন তারা শুধু মহিলা ওয়ার্ডে পানি সরবরাহ অস্থায়ীভাবে নিশ্চিত করেছেন। তবে পুরুষ ওয়ার্ডে নেই পানির কোনো ব্যবস্থা।

আজ সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরুষ ওয়ার্ড ও কেবিনের ট্যাপ থেকে পানি পড়ছে না। পানি সরবরাহ বন্ধ থাকায় অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে গেছেন। বর্তমানে রোগী মাত্র চারজন ছাড়া পুরো ওয়ার্ডই ফাঁকা। চারজন রোগী ও তাদের স্বজনরা বাইরে থেকে পানি আনতে ব্যস্ত।

পুরুষ ওয়ার্ডে ভর্তি ৬৫ বছর বয়সী কালু মিয়া জানান, ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে ৪ দিন ধরে সেখানে আছেন। পানি না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাকে। শিগগিরই চলে যাবেন বলেও জানান তিনি। শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রশিদ মিঞা জানান, ভর্তি হওয়ার পর থেকেই দেখছি পানি নেই। বাথরুমে যেতে পারি না। দুর্গন্ধ পুরো রুমে চড়িয়ে পড়েছে। নিজের সিটে বসে থাকাটাও মুশকিল।

হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা জানান, পানি সরবরাহ না থাকায় নিচের নলকূপ থেকে পানি নিতে হচ্ছে। এতে শৌচাগারে পর্যাপ্ত পানি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। হাসপাতালের মেঝে পরিষ্কার এবং রোগীদের বিছানার চাদর ও অন্যান্য কাপড়ও পরিষ্কার করা কষ্টকর হচ্ছে। বহির্বিভাগের চিকিৎসা নিতে আসা রোগীরা প্রয়োজনে পানি ব্যবহার করতে পারছেন না। হাসপাতালের চিকিৎসক, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও দুর্ভোগ পোহাচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গুনময় পোদ্দার বলেন, পানির পাম্পে সমস্যা দেখা দিয়েছে। সেটা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি