রাজধানীর দনিয়া,পলাশপুর, নুরপুর, পাটেরবাগ, গোয়ালবাড়ী, স্মৃতিধারা, কদমতলী, মাতুয়াইল, ভুঁইঘর, জুরাইন, যাত্রাবাড়ী চাষাড়া এবং নারায়ণগঞ্জের কিছু এলাকায় অনুমোদিত নকশা অনুযায়ী ইমারত নির্মাণ করতে জনসচেতনতামূলক মাইকিং প্রচারণা ও লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
সোমবার (২৯ জানুয়ারি) রাজউক জোন-৮/১ অন্তর্ভুক্ত এলাকায় সকাল থেকে এমন জনসচেতনতামূলক মাইকিং এর দৃশ্য দেখা গিয়েছে। প্রচারণায় ইমারত বিধিমালার প্রতিপালন যোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে জনসচেতনতা তৈরি করতে মাইকিং করা হয় এর মধ্যে অনুমোদিত নকশা ছাড়া ইমারত নির্মাণ থেকে বিরত থাকা, অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণাধীন ভবনের সকল নিয়ম কানুন যথাযথ ভাবে মেনে চলা।
নির্মাণ কাজে সম্পৃক্ত সব শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাইট বেষ্টনি তৈরি করা। এছাড়াও যে সব ভবন মালিক প্রচারণায় উল্লেখ করা বিষয় গুলো অমান্য করবে তাদের বিরুদ্ধে ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।
রাজউকের জোন-৮ এর পরিচালক মোহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁন বলেন, রাজউক চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বাসযোগ্য নিরাপদ নগরী গড়তে ভবন মালিকদের সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।
জনসচেতনতামূলক মাইকিং প্রচারণার ও লিফলেট বিতরণের বিষয়ে রাজউক জোন-৮/১ এর অথরাইজড অফিসার মোঃ ইলিয়াস বলেন, আমরা আমাদের দায়িত্বাধীন এলাকায় সারা দিন প্রচারণা করেছি। এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা নকশা নিয়ে এর নিয়ম কানুন মানছে না তাদের নিয়ম প্রতিপালনে উদ্ভূদ্ধ করা। এছাড়াও অগ্নি নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে আসছি।
মাইকিং এবং লিফলেট বিতরণের সচেতনতার বৃদ্ধিতে আরো উপস্থিত ছিলেন পরিদর্শক মো: শফিউল্লাহ, মো: তারিফুর রহমান, মো: সারওয়ার হোসেন, মো: শামসুজ্জামান নয়ন, মো: শরিফুল ইসলাম, মো: রুবেল হোসেন এবং প্রধান ইমারত পরিদর্শক মো: শফিকুল ইসলাম এবং মো: রাসেল ইসলাম ও সহকারী অথরাইজড অফিসার মো: রুমায়াত মাহমুদ চৌধুরীসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।
