১৯ পাকিস্তানিকে উদ্ধার করলো ভারতীয় নৌবাহিনী

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১২:২১

সোমালিয়ার জলদস্যু দ্বারা অপহৃত ১৯ পাকিস্তানি নাগরিককে উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। সোমবার (২৯ জানুয়ারি) সোমালিয়ার পূর্ব উপকূলে জলদস্যুরা ওই মাছ ধরার জাহাজ অপহরণের পর ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্র ওই উদ্ধার অভিযান চালায়।

ভারতীয় নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছে, গত ৩৬ ঘন্টা মধ্যে তাদের দ্বিতীয় জলদস্যুবিরোধী সফল অভিযান ছিল এটি। খবর এনডিটিভি।

নৌবাহিনীর কর্মীরা ক্রুদের যাচাই করার জন্য জাহাজে উঠেছিলেন।

সোমবার (২৯ জানুয়ারি) ইরানের পতাকাবাহী মাছ ধরার জাহাজ এফভি আল নাঈমিতে ১১ জন সশস্ত্র জলদস্যু আক্রমণ করে ১৯ জন ক্রু সদস্যকে জিম্মি করে। তারা সবাই পাকিস্তানি নাগরিক। ভারতীয় নৌবাহিনী মাছ ধরার জাহাজটিকে আটক করে এবং জলদস্যুদের জিম্মিদের ছেড়ে দিতে বাধ্য করে। জলদস্যুদের সবাইকে আটক করা হয়েছে।

নৌবাহিনী তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, ‘এর ঠিক একদিন আগে ইরানের পতাকাবাহী আরেকটি মাছ ধরার জাহাজ অপহরণ করে সোমালিয়ার দস্যুরা। সেখানে ১৭ জন ইরানীয় নাগরিক ছিলেন। দুই দিনে সব মিলিয়ে মোট ৩৬ জন নাবিককে উদ্ধার করেছে যুদ্ধজাহাজ আইএনএস সুমিত্রা। সোমালিয়া ও এডেন উপসাগরে জলদস্যুদের দমনে মোতায়েন থাকে এই যুদ্ধজাহাজটি।  

ইত্তেফাক/এনএন/এএম