কুমিল্লার বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৫:১২

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে রংপুর রাইডার্স। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে ১৬৬ রানের টার্গেট দিয়েছে রংপুর।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স।

টস জিতে ব্যাট করতে নেমে শুরতেই ধাক্কা খায় রংপুর। দলীয় ১৮ রানে ১২ বলে ১৪ রান করে আউট হন ওপেনার ব্রান্ডন কিং। এরপর ক্রিজে আসা ফজলে মাহমুদকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন বাবর আজম।

৫৫ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই সাজঘরে ফিরে যান তারা। বাবর ৩৬ বলে ৩৭ ও ফজলে মাহমুদ ২১ বলে ৩০ রান করে আউট হন। 

এরপর আর দুই উইকেট হারায় রংপুর। শেষ দিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের ২০ বলে ৩৬ রানে ভর করে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর। কুমিল্লার পক্ষে রেমন রেইফার নেন ২টি উইকেট।    

ইত্তেফাক/জেডএইচ