দীর্ঘদিন ধরেই ঘরোয়া ক্রিকেটে রান করে আসছেন ভারতীয় তরুণ ব্যাটার সরফরাজ খান। তবুও কোনোভাবেই জাতীয় দলে ডাক পাচ্ছিলেন না সরফরাজ। তবে চোটের কারণে দুই ক্রিকেটার ছিটকে যাওয়ায় অবশেষে দলে ঢুকেছেন এই ব্যাটার। তার জাতীয় দলে ডাক পাওয়াকে নির্বাচকদের দরজা ভেঙে দলে ঢুকার মতো দেখছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
সরফরাজ দলে ডাক পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ একটি পোস্ট করেছেন হার্শা। জনপ্রিয় এই ধারাভাষ্যকার লিখেছেন, ‘সরফরাজ খান কেবল দরজায় কড়া নাড়েনি, দরজা ভেঙে দিয়েছে। পিচ যদি হায়দরাবাদের মতন হয়, আমি আশা করব দুজন ব্যাটারই (পাতিদার ও সরফরাজ) খেলবে। তৃতীয় স্পিনার আসবে পেসারের জায়গায়।’
ইংল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া দ্বিতীয় টেস্টের দল থেকে ইনজুরিতে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। এরপর তিনজন ক্রিকেটারকে নতুন করে স্কোয়াডে ডাকে ভারত। স্পিনার সৌরভ কুমার, স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের সঙ্গে দলে ডাক পেয়েছেন সরফরাজ।
