বিপিএলে দেশি খেলোয়াড়দের দাপট দেখতে চান রাজ্জাক

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:৩০

চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ দশম আসরের খেলা। শুরুটা তেমন জাঁকজমকপূর্ণ না হলেও সময়ের সঙ্গে সঙ্গে আকর্ষণীয় হয়ে উঠেছে আসরটি। বর্তমানে সিলেট পর্বের খেলা চলছে। এবারের আসরে উন্নতমানে বিভিন্ন প্রযুক্তি, ক্যামেরা, ব্যাটিং সহায়ক উইকেটসহ আরো বেশ কিছু উদ্যোগ নিয়েছে আয়োজক কমিটি। যাতে টুর্নামেন্টটি নিয়ে সমর্থকদের কোনো রকম হতাশা না কাজ করে। এর পাশাপাশি আসা যাওয়া করছে বিদেশি ক্রিকেটাররা।

সব মিলিয়ে ভালোভাবে টুর্নামেন্টটি চললেও এর মধ্যে হতাশ করছে দেশি ক্রিকেটাররা। গেল আসরে বেশ কিছু দেশি ক্রিকেটারকে মাঠ মাতাতে দেখা গেলেও এবারের আসরে তেমনটি চোখে পড়ছে না। যাও করছেন তাও টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য যোগ্য নয়। তবে বাংলাদেশ দলের নির্বাচক ও সাবেক টাইগার তারকা বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক দেখতে চান দেশি ক্রিকেটারদের দাপট দেখাতে।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে চলমান বিপিএল নিয়ে রাজ্জাক বলেন, ‘বিপিএল এখন মোটামুটি চলছে, আমি বলব না আমাদের চাওয়া পুরোপুরি পূরণ হয়ে যাচ্ছে। যদি সব মিলিয়ে ধরেন তাহলে বলব ভালো চলছে। আর আমাদের লোকাল খেলোয়াড়রা আরো একটু ভালো খেললে ভালো লাগত দেখতে।’ এসময় দেশি খেলোয়াড়দের পারফরম্যান্সে টাইগার এই নির্বাচক হতাশ কি না—জানতে চাইলে জবাবে বলেন, ‘হতাশ না, কিন্তু আমরা চাই আমাদের খেলোয়াড়রা আরো ভালো খেলুক। এই বিপিএলটা যেহেতু আমাদের টুর্নামেন্ট, আমাদের কন্ডিশনে হয়, তো আমরা যেন দাপিয়ে বেড়াতে পারি। তাহলে আমাদের দলের (জাতীয় দল) জন্য ভালো হবে আমরা তাতেই খুশি।’

চলমান বিপিএলের প্রায় অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হয়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত দেশি তরুণ কোনো খেলোয়াড়কে কিংবা অভিজ্ঞ কোনো খেলোয়াড়কে সেই ভাবে আলো ছড়াতে দেখা যায়নি। গেল আসরের সর্বোচ্চ রান সংগ্রহক নাজমুল হোসেন শান্ত, জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান কিংবা জাতীয় দলের উইকেট রক্ষক ব্যাটার লিটন কুমার দাস সবাই ব্যর্থ। এ প্রসঙ্গে আবদুর রাজ্জাক বলেন, ‘স্প্যাসিফিক ভাবে আমি কারো নাম বলতে চাই না। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমাদের যারা দেশি খেলোয়াড় খেলছে পারফরম্যান্সটা আরো ভালো হওয়া দরকার ছিল। যদিও টুর্নামেন্ট এখনো শেষ হয়ে যায়নি। তবে শুরু থেকে যদি করতে পারত ভালো হতো। শুরু থেকে করলে কি হয়, একটা লম্বা সময় ধরে ভালো খেলার অভ্যাস থাকলে অবশ্যই এটা টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়ে ইম্প্যাক্ট ফেললেও ফেলতে পারত।’

এক পর্যায়ে বিপিএলে খেলা দেশি খেলোয়াড়দের প্রতি বিশেষ বার্তা দিয়ে টাইগার এই নির্বাচক বলেন, ‘তারা যেন এখানে ডমিনেট করে। বিপিএলটার নিয়ন্ত্রণ যেন আমাদের দেশি খেলোয়াড়রাই করে। আর সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে এত কিছু চিন্তা না করে এখন যেটা হচ্ছে এটাতে ডমিনেট করতে পারলেই ঐটার প্রস্তুতিটা হয়ে যাবে। তো এখন মূল জিনিসটা দরকার হলো এখানে ভালো খেলা। টুর্নামেন্টের লিডারবোর্ডে যেন আমাদের খেলোয়াড়রাই বেশি থাকে আরকি।’

ইত্তেফাক/এএম