ইমারত নির্মাণে নিরাপত্তা নিশ্চিত করতে রাজউকের  মাইকিং ও লিফলেট বিতরণ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৫:১২

রাজধানীর পাশে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, বন্দর ও নারায়ণগঞ্জ সদর এলাকায় ইমারত নির্মাণ করতে জনসচেতনতামূলক মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।

৩১ জানুয়ারি বুধবার রাজউক জোন-৮/২ অন্তর্ভুক্ত এলাকায় সকাল থেকে এমন জনসচেতনতামূলক মাইকিং করা হয়। 

প্রচারণায় ইমারত বিধিমালার প্রতিপালন যোগ্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে জনসচেতনতা তৈরি করতে মাইকিং করা হয় এর মধ্যে অনুমোদিত নকশা ছাড়া ইমারত নির্মাণ থেকে বিরত থাকা, অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণাধীন ভবনের নিয়ম কানুন যথাযথ ভাবে মেনে চলা, নির্মাণ কাজে সম্পৃক্ত শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করাসহ সাইট বেষ্টনি তৈরি করা।

রাজউকের জোন-৮ এর পরিচালক মোহাম্মদ ইয়াহ্ ইয়া খাঁন বলেন, মালিকদের সচেতনতা বৃদ্ধিতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা নকশা নিয়ে এর নিয়ম কানুন মানছে না তাদের নিয়ম মানতে উদ্বুদ্ধ করা।

রাজউক জোন-৮/২ এর অথরাইজড অফিসার মোঃ সাইফুল ইসলাম  বলেন, ভবন মালিকদের মাঝে সচেতনতা তৈরি হলে বৈধ ভাবে যেমন ইমারত নির্মাণের হার বাড়বে তেমনি করে ঝুঁকিপূর্ণ ভবন ও দূর্ঘটনার হার কমে আসবে।

মাইকিং এবং লিফলেট বিতরণের সচেতনতার বৃদ্ধিতে আরো উপস্থিত ছিলেন  সহকারী অথরাইজড অফিসার নিপেন চন্দ্র সিদ্ধা, প্রধান ইমারত পরিদর্শক মোঃ নুর আলম, ইমারত পরিদর্শক মোহাম্মদ পারভেজ, মোঃ মাজেদুল ইসলাম , মোঃ জাহিদুল ইসলাম এবং  রাজউকের অন্যান্য কর্মকর্তারা।

ইত্তেফাক