চম্পা বণিক, শ্রোতাপ্রিয় একজন কণ্ঠশিল্পী। অসাধারণ গায়কী দিয়েই তিনি আমাদের সংগীতাঙ্গনে একটি আলাদা অবস্থান করে নিতে পেরেছেন। নিজেকে একজন শুদ্ধ সুরের সংগীতশিল্পী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত গান শিখেই যাচ্ছেন। ছোটবেলায় গান শিখেছেন মঞ্জু সরকারের কাছে। এরপর অবনী মোহন দে, পুলক বন্দ্যোপাধ্যায়, শান্তি শর্মা, অনুপ বড়ুয়া, ওস্তাদ মাসকুর আলী খাঁর কাছে গানে তালিম নিয়েছেন। বর্তমানে তালিম নিচ্ছেন পণ্ডিত তুষার দত্তসহ ছায়ানটে খায়রুল আনাম শাকিল ও শাহীন সামাদের কাছে। নিজের জ্ঞানকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে দুরন্ত টিভির ‘রঙের খেলায় সুরের ভেলায়’ অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের এখন নিয়মিত গান শেখাচ্ছেন। আর এরমধ্যেই যেন এক অন্যরকম তৃপ্তি খুঁজে পেয়েছেন চম্পা বণিক। তিনি জানান, এর আগে তিনি একই অনুষ্ঠানে শিশুদের নজরুলসংগীত শেখাতেন আর এখন তিনি দেশাত্মবোধক গান শেখাচ্ছেন। চম্পা বণিকের একমাত্র গানের অ্যালবাম ‘স্বপ্নের আঙ্গিনায়’।
